………………………………..সোহাইল আহমেদ
ফ্যাসিবাদ ও ভোট ডাকাতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী , হরিণ প্রতীকের প্রার্থী ড. মো. সাইদুজ্জামান কামালের নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার মাতুরবাড়ি মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শহীদ নয়নের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
গণমিছিলে হাজারো উৎসুক ও ঐক্যবদ্ধ বাঞ্ছারামপুরবাসী অংশগ্রহণ করেন। মিছিল ঘিরে পুরো উপজেলায় সৃষ্টি হয় ব্যাপক নির্বাচনী আমেজ। বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ কর্মসূচিতে। সমর্থকদের স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ড. কামাল বলেন, “আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে বাঞ্ছারামপুরকে চাঁদাবাজমুক্ত ও টেন্ডারবাজমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলবো। উন্নয়নের নামে জনগণের এক টাকাও অপচয় হতে দেব না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সৎ রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “বাঞ্ছারামপুরের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে আমি আজীবন মানুষের পাশে থাকবো। কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা স্বজনপ্রীতির সঙ্গে আপস করা হবে না।”
এ সময় তিনি নির্বাচনকে ঘিরে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নতুন মোড়কে কেউ যদি আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, কিংবা ভোট ডাকাতির মাধ্যমে জনগণের অধিকার হরণ করতে চায়—তাদের পরিণতিও ৫ আগস্টের মতোই হবে। জনগণ আর কোনো জুলুম, অন্যায় ও অবৈধ ক্ষমতা দখলের চেষ্টা মেনে নেবে না।”
ড. কামাল বলেন, “এই নির্বাচন হবে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। ভয়ভীতি নয়—ভোট হবে সাহসের সঙ্গে। মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।”
গণমিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ড. কামাল একজন সৎ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। রাজনীতিতে তাঁর সততা ও স্পষ্ট অবস্থান সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হলে বাঞ্ছারামপুরে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিশাল এই গণমিছিলের মাধ্যমে বাঞ্ছারামপুরে নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী ড. মো. সাইদুজ্জামান কামালের উপস্থিতি আরও শক্ত অবস্থানে পৌঁছেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

